Print Date & Time : 28 October 2026 Wednesday 09:44 am

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

image

সাতক্ষীরা প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে নিশ্চিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত ও সাতক্ষীরা জেলা প্রশাসকের যৌথ তদন্তে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- কম্পিউটার শিক্ষক হিসেবে ত্রুটিপূর্ণ নিয়োগ, বি.এড সনদে অনিয়ম, স্নাতক পাসের পূর্বে সিনিয়র স্কেল গ্রহণ, সেকায়েপের অর্থ বণ্টনে অনিয়ম, অবৈধভাবে অতিরিক্ত শাখা খোলা এবং শিক্ষার্থীদের কিশোরী টয়লেট বন্ধ রাখা।

বরখাস্তের আদেশে কেন তার বিরুদ্ধে আপিল অ্যান্ড আরবিট্রেশনে আবেদন করা হবে না, তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী অর্ধেক খোরাকী ভাতা পাবেন। এছাড়া আগামী ৫ কর্মদিবসের মধ্যে যাবতীয় দাপ্তরিক কাগজপত্র সহকারী প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দিয়ে তাকে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি