Print Date & Time : 28 October 2026 Wednesday 07:58 am

দ্বিতীয় বিয়ে করতে এসে যুবক দেখলেন সেখানেই চলছে প্রথম স্ত্রীর সন্তানের মুখেভাত!

image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের গুইঝৌ প্রদেশের লিউপানশুই শহরে একই দিনে একই অনুষ্ঠানস্থলে আয়োজন করা হয়েছিল এক যুবকের দ্বিতীয় বিয়ে এবং তার প্রাক্তন স্ত্রীর সন্তানের জন্মের ১০০তম দিন উদ্‌যাপন। দুই অনুষ্ঠানের মধ্যে অদ্ভুত এই মিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম ইউ। গত ৯ অক্টোবর তার বর্তমান প্রেমিকার সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। একই দিনে একই ভবনের অন্য একটি তলায় অনুষ্ঠিত হচ্ছিল তার প্রাক্তন স্ত্রীর সন্তানের জন্মের ১০০তম দিন উপলক্ষ্যে মুখেভাত অনুষ্ঠান। দুই পরিবার আলাদাভাবে অনুষ্ঠানস্থল ভাড়া করেছিল। তবে দুই অনুষ্ঠানের সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি আয়োজকদের জানা ছিল না।

অনুষ্ঠানস্থলে দুই পক্ষের অতিথিদের মুখোমুখি হওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আয়োজকেরা পুলিশ ডাকতে বাধ্য হন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান ভবনের প্রবেশপথের কাছে কয়েকজনের মধ্যে তর্কবিতর্ক চলছে। এ সময় কোলে শিশু নিয়ে এক তরুণী সিঁড়ির দিকে এগিয়ে গেলে কয়েকজন পুরুষ তার পথ আটকে দেন। পরে পরিবারের আরেক সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ভিডিওতে বিরোধের প্রকৃত কারণ স্পষ্ট নয়।

চীনা সংবাদমাধ্যমগুলোর দাবি, ইউ ও তার প্রাক্তন স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পরও আর্থিক বিরোধের নিষ্পত্তি হয়নি। এ বিরোধ থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

‘ইইকিউ৭ইজে’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশের পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় ও নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।

জা.অর্থনীতি/এসআই