নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের মৃত্যুর রহস্য উদঘাটন এবং তার লিখে যাওয়া কথিত চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (২৪ জুন) বিকাল তিনটায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিবপুর মডেল থানার সামনে প্রথমে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিবপুর উপজেলার কলেজ গেট এলাকার স্কুলসংলগ্ন ভাড়া বাসা থেকে সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানায়, কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং তিনি আত্মহত্যা করেছেন।
তবে ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও ওই চিরকুটে ঠিক কী লেখা ছিল কিংবা আত্মহত্যার পেছনে কোনো প্ররোচনা বা কারণ উল্লেখ ছিল কি না— এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চিরকুটের বিষয়বস্তু গোপন রাখায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের মনে নানা রহস্য ও প্রশ্নের দানা বেঁধেছে। শিক্ষক বিল্লাল হোসাইনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনকে আরও স্বচ্ছ ও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ওসি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার নথিতেই ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। শিক্ষক মৃত্যুর প্রকৃত কারণ এবং চিরকুটের বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশের দাবিতে তারা থানা প্রাঙ্গণ ও বিদ্যালয় ফটকে এই অবস্থান নেন।
—জা. অর্থনীতি/এলএটি