অনলাইন ডেস্ক: বায়ুদূষণের মাত্রায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এআইকিউ) স্কোর ছিল ১৪৪। এই মাত্রার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, শহরটির স্কোর ১৭২। ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।
এ ছাড়া ১৫৫ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা রয়েছে চতুর্থ অবস্থানে। পাকিস্তানের লাহোর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এআইকিউ স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ু ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বায়ু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
আইকিউএয়ার বিশ্বজুড়ে বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।
জা.অর্থনীতি/এসআই