সরকার চাইলে পরবর্তী জাকসু নির্বাচন হবে
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা রয়েছে উল্লেখ করে সরকারের কাছে অর্থায়ন ও নিরাপত্তার অবস্থান দ্রুত স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। একই সাথে আগামী জাকসু নির্বাচনের জন্য দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাকসু ভবনে জাকসুর ষষ্ঠ কার্যনির্বাহী সভা শেষে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএস মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা জাকসু নির্বাচন বাস্তবায়নে আন্তরিক। তবে নির্বাচন আয়োজনের জন্য নিরাপত্তা ও অর্থায়নের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানা প্রয়োজন।”

বর্তমান সংসদের মেয়াদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “আর মাত্র ১২ দিন পর এই জাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকারের দিক থেকে কোনো বাধা থাকার কথা নয়। অর্থের জোগান ও নিরাপত্তা নিশ্চিত হলে দ্রুতই আমরা পরবর্তী জাকসু নির্বাচন দেখতে পাব।”

সংবাদ সম্মেলনে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বর্তমান সংসদের মেয়াদে অর্জিত বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অটোমেশন কার্যক্রমের টেন্ডার মূল্যায়ন পর্যায়ে রয়েছে। একাডেমিক সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীদের গবেষণা ও থিসিস বরাদ্দ সাড়ে সাতশত টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করার সিদ্ধান্ত ফাইন্যান্স কমিটিতে অনুমোদিত হয়েছে। এছাড়া ক্যাম্পাসের ৮ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য ২৫ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ আনা হয়েছে।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল সেন্টারের অনিয়ম তদন্ত, গঠনতন্ত্র সংশোধন ও আয়-ব্যয়ের অডিট প্রক্রিয়া চালুর বিষয়টি উল্লেখ করে ভিপি জিতু বলেন, বর্তমান সংসদ কতটা সফল তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূল্যায়ন করবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাকসুর এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবহন সম্পাদক তানভীর রহমান, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর ও শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামাসহ সংসদের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি