অনলাইন ডেস্ক: রাজধানীতে প্রায়ই বৃষ্টি হলেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রায়ই শুরুর দিকে থাকছে ঢাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালেও দূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সকাল ৭টা থেকে ৮টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৩২। এই মাত্রার বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ১৯১ একিউআই স্কোর নিয়ে শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর ১৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
তালিকায় ১২৭ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা চতুর্থ, ১১৯ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পঞ্চম এবং ১১০ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা ষষ্ঠ অবস্থানে রয়েছে। এ ছাড়া জেরুজালেম ১০৯ স্কোর নিয়ে সপ্তম, পাকিস্তানের লাহোর ১০৫ নিয়ে অষ্টম, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১০৩ নিয়ে নবম এবং সিঙ্গাপুর ১০২ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে।
ঢাকার বায়ুদূষণে প্রধান ভূমিকা রাখছে পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণা। এসব সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে। দীর্ঘ সময় এসব কণার সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্র ও হৃদ্যন্ত্রের নানা জটিলতার ঝুঁকি বাড়তে পারে।
যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার ধোঁয়া এবং আশপাশের ইটভাটাকে বায়ুদূষণের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয়।
জা.অর্থনীতি/এসআই