ইবিতে ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি: নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ’ হল উদ্বোধনে আগামী মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে তিনি নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ইবি ক্যাম্পাসে আমন্ত্রণের বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা হলেও কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি হয়নি। তবে প্রধানমন্ত্রী আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী মাসে কুষ্টিয়া সফরকালে ইবি ক্যাম্পাসে এসে নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন।

সাক্ষাৎকালে উপাচার্য সম্মানসূচক উপহার হিসেবে তার রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের নানা সম্ভাবনা ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

—জা. অর্থনীতি/এনজে