উদ্যোক্তা ও গবেষকদের সহায়তায় সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: একটি সমৃদ্ধ, উন্নত ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যা হবে মানুষের কাঙ্ক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, অনুষ্ঠানের পূর্ববর্তী বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য, বিশেষ করে ড. আনিসুজ্জামানের ইনোভেশনবিষয়ক উপস্থাপনা ও আলোচনায় ভবিষ্যৎ কর্মপন্থার গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। এসব কর্মপন্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

দেশের সামগ্রিক অগ্রগতিতে উদ্ভাবক ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী চিন্তা ও শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহযোগিতায় সরকার সব সময় পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নতুন চিন্তা, প্রযুক্তি ও উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই