বাকৃবি প্রতিনিধি: সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক পরিচয় ও সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ৬১তম ব্যাচের শিক্ষার্থীরা ৬২তম ব্যাচের নবীনদের বরণে এ আয়োজন করে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে ‘বৃত্তায়ন ৬১ × প্রস্ফুরণ ৬২: দ্য কানেকশন ক্রনিকলস’ শিরোনামে অনুষ্ঠানটি শুরু হয়। এতে দুই ব্যাচের প্রায় ২০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজনের প্রধান আকর্ষণ ছিল একই আইডি নম্বরের (রোল) দুই ব্যাচের শিক্ষার্থীদের ব্যতিক্রমী পরিচয়পর্ব। ৬১তম ব্যাচের একজন সিনিয়র শিক্ষার্থী এবং ৬২তম ব্যাচের সমমানের আইডিধারী জুনিয়র শিক্ষার্থী যৌথভাবে মঞ্চে উঠে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সিনিয়র শিক্ষার্থী তার জুনিয়রকে উপহার সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
আকর্ষণীয় এ পরিচয়পর্বের ফাঁকে ফাঁকে দুই ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত, নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি এবং 'ক্রিঞ্জ রিলস' রিমেকের মতো নানা বিনোদনমূলক সাংস্কৃতিক পর্ব পরিবেশন করা হয়।
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ৬১তম ব্যাচের শিক্ষার্থী শাকিল জানান, এটি তাঁদের অনুষদের এক ঐতিহ্যবাহী মেলবন্ধন। সিনিয়রদের কাছ থেকে পাওয়া সেই ভালোবাসার ধারাবাহিকতা বজায় রাখতেই জুনিয়রদের এভাবে বরণ করে নেওয়া হয়েছে, যা ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র সুসম্পর্ক গড়তে ইতিবাচক ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করে ৬২তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, "সিনিয়রদের এমন ভালোবাসায় ভরা আয়োজন আমাদের সত্যিই অভিভূত করেছে। এর মাধ্যমে সিনিয়রদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এক গভীর আত্মিক সম্পর্ক তৈরির সুযোগ হলো।"
অনুষদের এমন সৃজনশীল ও সৌহার্দ্যপূর্ণ ঐতিহ্য ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন উপস্থিত শিক্ষার্থীরা।
—জা. অর্থনীতি/এলএটি