‘প্রান্তিক মানুষের জন্য সুশাসন নিশ্চিত করা আমার মূল এজেন্ডা’
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি

অনলাইন ডেস্ক: বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, প্রান্তিক মানুষের জন্য সুশাসন নিশ্চিত করা আমার মূল এজেন্ডা। এই ব্রত নিয়েই আমি দেশে ফিরছি। নিজের স্বপ্নের সঙ্গে বাস্তবের মেলবন্ধন গড়ে তুলতে চাই। হতাশা নয়, বরং উজ্জীবিত হয়ে মাঠের কাজে সবটুকু উজাড় করে শামিল হব ইনশা আল্লাহ।

সম্প্রতি নিজের শিক্ষকতার ক্যাম্পাস ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বাংলা গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

ড. নয়ন বাঙালি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটি অনবদ্য সুযোগ তৈরি করেছে আমাদের জন্য। জাতিকে নতুনভাবে গড়ে তোলার সুবর্ণক্ষণ এখন। আমি নিজে দেশ গড়ার এই সংগ্রামে আত্মনিয়োগ করব।

তিনি বলেন, আমাদের জনগণ কোনো কিছুর ভয়ে ভীত নয়। তারা বারবার বুকের রক্ত ঢেলে স্বৈরাচার উৎখাত করেছে। অতীতে শাসকরা মানুষের এমন ক্ষমতাকে উপেক্ষা করে ভুল করেছেন। এ জন্যই সংগঠিত হয় জুলাই গণ-অভ্যুত্থান। এবার আর ভুলের সুযোগ নেই। জনমানুষের জন্য তাদের ক্ষমতায়নের লড়াই এখন সময়ের কর্তব্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। অতীতের অপশক্তি দেশ থেকে বিতাড়িত। জনগণ এবার স্বপ্ন দেখছে প্রত্যাশিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য। নিজেদের সমস্ত সাধ্য দিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেন, আমাদের ঐক্য আমাদের শক্তি। কোনো বিভাজনের রাজনীতি যেন আমাদের পেছনে টেনে ধরতে না পারে তা খেয়াল রাখতে হবে। গণতন্ত্রের সুফল ঘরে তুলতে এ কাজের বিকল্প নেই।

—জা.অর্থনীতি/আইবিএম