রাজধানীর বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাহবাজ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। তিনি রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাসায় এ ঘটনা ঘটে। পরে বাসার দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় খিলগাঁও থানা পুলিশ। সেখানে পৌঁছে বাসার দরজা ভেঙে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণায় পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য শাহবাজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই