ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৫ জনের পরিচয় ঘিরে রহস্য

অনলাইন ডেস্ক: রাজধানীর পূর্বাচলসংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ের একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানের পর আটক ৮৫ জনের পরিচয় ও সেখানে তাদের উপস্থিতির উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাড়িটির মালিক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহির। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান রয়েছেন বলে জানা গেছে। তবে তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, সে বিষয়ে তদন্তকারী সংস্থা এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

গত সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বাড়িটিতে অভিযান চালায়। সেখান থেকে ৫৯ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে পুরুষদের আরও তিন দিন এবং নারীদের আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে এশিয়াটিক, গ্রামীণফোন, প্রাণ-আরএফএল, ফিলিপ মরিস ও এসিআই মোটরসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি বেসরকারি বিমান সংস্থার প্রশিক্ষণরত পাইলটও রয়েছেন বলে জানা গেছে। তাদের পেশাগত পরিচয় ও সেখানে সমবেত হওয়ার উদ্দেশ্য খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো।

পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। তবে আবাসিক হোটেল বা রিসোর্ট হিসেবে এর অনুমোদন ছিল না। বার ও রেস্তোরাঁ পরিচালনার লাইসেন্সও ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডিবির দাবি, সেখানে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং মাদক ও মদের আসর বসত। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বাড়িটির মালিক আবদুল্লাহ আল জহির দাবি করেছেন, জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকলে তিনি দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন।

এদিকে, আবদুল্লাহ আল জহিরকে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাড়ি নির্মাণ ও জমি কেনার অর্থের উৎসও খতিয়ে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আটক ব্যক্তিদের পরিচয় এবং বাড়িটিতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, তা নিয়েও অনুসন্ধান চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।

জা.অর্থনীতি/এসআই