আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ফটোসাংবাদিক মুজতবা রাসুল

জাতীয় অর্থনীতি অনলাইন: বাংলাদেশের ফটোসাংবাদিক এস এম আল মুজতবা রাসুল ১২তম আন্দ্রে স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬-এর ‘টপ নিউজ—সিঙ্গেলস’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে তিনি রাশিয়া সফর করেন। প্রতিযোগিতাটির আয়োজক রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রসিয়া সেগোদনিয়া।

এস এম আল মুজতবা রাসুলের আলোকচিত্রচর্চার মূল বিষয় মানুষের জীবন, সাংবাদিকদের পেশাগত কাজ এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা ও এর প্রভাব। তার কাজের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন, সংগ্রাম, পেশাগত দায়িত্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সামাজিক ও পরিবেশগত বাস্তবতা তুলে ধরা হয়। প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে তিনি মানুষের জীবন, সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিবর্তনশীল পৃথিবীর বাস্তবতাকে নথিবদ্ধ করার চেষ্টা করেন।

image

২০১৪ সালে রুশ ফটোসাংবাদিক আন্দ্রে স্টেনিনের স্মরণে প্রতিষ্ঠিত এই বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বজুড়ে উদীয়মান ফটোসাংবাদিকদের কাজ তুলে ধরার পাশাপাশি প্রামাণ্য আলোকচিত্র ও ভিজ্যুয়াল সাংবাদিকতাকে উৎসাহিত করে।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২১ অক্টোবর ২০২৬ তারিখে রাশিয়ার মস্কো মিউজিয়াম অব মস্কোতে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি ১০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় নির্বাচিত আলোকচিত্রগুলো আন্তর্জাতিক প্রদর্শনী কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন শহরেও প্রদর্শিত হবে।

image

বাংলাদেশ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে আরও দুই ফটোসাংবাদিক মুহাম্মদ এমদাদ হোসাইন ও সোলাইমান হোসেন রাশিয়া সফর করেন। তারাও প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফটোসাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ ও সহযোগিতার জন্য এস এম আল মুজতবা রাসুল রসিয়া সেগোদনিয়া, প্রতিযোগিতার আয়োজক কমিটি, বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাস এবং ঢাকার রাশিয়ান হাউসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

—জা. অর্থনীতি/এএইচএ