বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর গত ফেব্রুয়ারি মাস থেকে ইতোমধ্যে তিন দফা মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়েছেন তানিয়া বৃষ্টি নিজেই। পোস্টে তিনি লিখেছেন, ‘তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।’
তার এই পোস্টে সহকর্মী ও ভক্তরা সাহস জুগিয়ে মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টের মন্তব্যে তারা সবাই তার জন্য দোয়া চেয়েছেন। অভিনয়শিল্পী কচি খন্দকার লিখেছেন, ‘জীবন সত্য এবং সুন্দর—শুভকামনা।’ নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে।’
কিছুদিন আগেই মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর এবং অস্ত্রোপচার শেষে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। গত ৪ মার্চ রাতের সেই ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তিনি। ফেসবুক লাইভে তিনি জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসকদের পরামর্শে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার হয় তানিয়া বৃষ্টির। এরপর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয় তার।
দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে যেতে হয়। গত ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুরু করি আবার।’
এদিকে, বর্তমানে তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা এবং অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিনোদন অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে নাটকের পর্দায় দর্শক মাতানো এই অভিনেত্রীর হঠাৎ এমন অসুস্থতা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।
—জা. অর্থনীতি/এনএ

