বিনোদন ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। যিনি অভিনেতা থেকে রাজনীতিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তামিল সিনেমার জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।
জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোড শো করেছেন তিনি।
চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলে এ অভিনেতা টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। সে সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।
নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে-র একাধিক নেতার নাম রয়েছে। তবে, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।
এদিকে, নির্বাচনের ঠিক আগে এমন ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতোটা প্রভাব ফেলবে তাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।
—জা. অর্থনীতি/এনএ

