বিনোদন ডেস্ক: পপ সংগীতের অবিসংবাদিত রাজা বা ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবনকে ঘিরে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ নিয়ে ভক্ত-শ্রোতাদের আগ্রহের শেষ নেই। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারেরই এক সদস্য। তার নাম জাফর জ্যাকসন। এবার জানা গেলো পপ সম্রাটের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমা কবে মুক্তি পাবে। আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। স্বাভাবিকভাবে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে সংগীত প্রিয় মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।
জানা গেছে, আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাশাপাশি একইদিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে ‘কামিং সুন’ লিখে একটি প্রচারণামূলক পোস্ট দিয়েছে। সে হিসেবে বলা যায়, এটি সিনেপ্লেক্সেও প্রদর্শিত হতে পারে।
প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এ তাঁরই আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেলের লুক বেছে নেওয়া হয়েছে। সিনেমাবোদ্ধাদের অনেকেই বলছেন, মেকআপ-গেটআপে হুবহু মাইকেলের মতোই দেখিয়েছে জাফরকে। মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প।
ইতোমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে দুটিই বিশ্বজুড়ে আলোচিত। অধীর আগ্রহে মাইকেলের ভক্ত-শ্রোতারা এই সিনেমা দেখার অপেক্ষায় আছেন। যদিও মাইকেল জ্যাকসনের অকাল প্রয়াণের পর ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও পপ সম্রাটের জীবন নিয়ে মানুষের কৌতূহল বিন্দুমাত্র কমেনি। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ এবং আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন।
এদিকে, জ্যাকসনের এস্টেট এবং নির্বাহীদের আইনজীবীরা ‘দৃঢ়ভাবে এবং নিঃসন্দেহে’ বিশ্বাস করেন যে, মাইকেল জ্যাকসন নির্দোষ ছিলেন, যা আদালতের রায় এবং বিভিন্ন প্রমাণে সমর্থিত। চলচ্চিত্রটি দর্শকদের সামনে মাইকেল জ্যাকসনের গৌরবময় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের জটিল দিকগুলো কীভাবে তুলে ধরবে, সেটিই এখন দেখার বিষয়।
অবশ্য অভিযোগগুলো মাইকেল জ্যাকসনের জীবনের অংশ হিসেবেই রয়ে গেছে, যা তার জীবনকে শত কোটি ডলারের হলিউড ব্লকবাস্টার হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে জটিল করে তোলে। তবে, বর্তমান সময়ে এই পপ তারকাকে ঘিরে যে চাহিদা রয়েছে, তাতে ধারণা করা হচ্ছে ছবিটি বড় হিট হতে পারে। শিল্প বিশ্লেষকদের মতে, ‘মাইকেল’ সিনেমাটি ‘বোহেমিয়ান র্যাপসোডি’-এর চেয়েও বড় সাফল্য পেতে পারে।
বিংশ শতাব্দীর সংগীত জগতের অন্যতম এই কিংবদন্তির জীবন প্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে। ২০০৯ সালের ২৫ জুন লক্ষ-কোটি ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান পপ সম্রাট মাইকেল জ্যাকসন।
—জা. অর্থনীতি/এনএ

