শূন্য হাতে ফিরলেন মনোনয়ন প্রত্যাশী এক ঝাঁক তারকা

বিনোদন প্রতিবেদক: দেশের শোবিজ অঙ্গনের তারকাদের রাজনীতিতে আসার যে প্রচলন শুরু হয়েছে তার বিপরীতে বেশিরভাগ তারকাকেই শূণ্য হাতে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। কেননা, এবারও অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যার ফলে, আলোচনায় ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চাওয়া শোবিজের একাধিক পরিচিত মুখ। তবে, শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাননি কেউ। সোমবার (২০ এপ্রিল) দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এর আগে, গত ১০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনের এই কার্যক্রমে মোট প্রায় এক হাজার তিনশ’ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে শোবিজের ছিলেন- জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী রিনা খানসহ একাধিক শোবিজ তারকা। একইসঙ্গে আলোচনায় ছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও মেঘনা আলমও। 

তবে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে শেষ পর্যন্ত দলটি তাদের দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীদেরই অগ্রাধিকার দেয়। ফলে, শোবিজ অঙ্গনের কোনো তারকা চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পাননি। 

এদিকে, বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত গায়িকা বেবী নাজনীন মনোনয়ন না পাওয়ায় শোবিজে হতাশা প্রকাশ করছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয় বেবী নাজনীন। ছিলেন প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠজন। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। তার মতো ত্যাগী শিল্পীকে মূল্যায়ন করা বিএনপির জন্যই মঙ্গলের হতো বলে অভিমত অনেকের। 

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ মূল্যায়ন ও রাজনৈতিক সক্রিয়তাকে ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। 

অন্যদিকে, মনোনয়ন না পেয়ে কেউ কেউ তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে দেওয়া এক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘প্রিয় বিশ্ববাসী, আস সালামু আলাইকুম। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো যখন নমিনেশন পাইনি, আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।’ 

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকী আছে।’ 

দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কনকচাঁপা লেখেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’ 

এদিন বিকেল তিনটার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’ 

নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’ 

দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে চমক লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’ 

—জা. অর্থনীতি/এনএ