হজ ও উমরা সহজ করতে মক্কায় হচ্ছে বিমানবন্দর ও মেট্রোরেল

পবিত্র মক্কায় হজ ও উমরা পালনকারীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করতে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে সৌদি আরব। আধুনিক অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে মক্কা নগরীতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং অত্যাধুনিক মেট্রোরেল ব্যবস্থা চালু করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি ‘রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড দ্য হোলি সাইটস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ সংবাদমাধ্যমকে এই মেগা প্রকল্পের বিস্তারিত জানান।

সালেহ আল-রশিদ জানান, মক্কায় একটি বিশ্বমানের বিমানবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি লাগসই বিনিয়োগ মডেল তৈরির কাজ চলছে। বিমানবন্দরটি এমনভাবে পরিকল্পিত হয়েছে যেন তা মক্কার বাসিন্দা ও পর্যটকদের সর্বোচ্চ সুবিধা দেয়, আবার জেদ্দার মতো পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোর গুরুত্বও বজায় থাকে।

আকাশপথের পাশাপাশি মক্কার অভ্যন্তরীণ যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে আসছে মেট্রোরেল। প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি এবং প্রাথমিক নকশা সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এই মেট্রোরেল চালু হলে হজ ও উমরা মৌসুমে নগরীর চিরচেনা জনজট অনেকাংশে কমে আসবে এবং হাজিদের যাতায়াতের গতি বাড়বে।

বিমানবন্দর ও মেট্রো প্রকল্পের পাশাপাশি বর্তমান সড়ক যোগাযোগেও ব্যাপক উন্নতি করেছে সৌদি সরকার। বর্তমানে মক্কায়, ৪০০টি বাস ১২টি ভিন্ন রুটে ৪৩০টি স্টপেজের মাধ্যমে সেবা দিচ্ছে। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ কোটি ৫০ লাখ যাত্রী এই বাস পরিষেবা ব্যবহার করেছেন।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রিং রোডের কাজ শেষ হওয়ায় মসজিদে হারামে যাওয়ার পথ এখন অনেক সহজ হয়েছে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আল্লাহর মেহমানদের মক্কায় অবস্থান এবং যাতায়াতকে নির্ঝঞ্ঝাট ও আধুনিক করে তোলা।

 

 জা. অর্থনীতি/ উমর