ইন্দোনেশিয়ার উপকূলে বিশাল প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উপকূলে বড় ধরনের প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে ইতালির জ্বালানি জায়ান্ট ইনাই। দেশটির সরকার বলছে, এই আবিষ্কারের ফলে ২০২৮ সালের মধ্যে ইন্দোনেশিয়ায় কোম্পানিটির উৎপাদন প্রায় তিনগুণ বাড়তে পারে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া ইতোমধ্যেই নিজেদের চাহিদার চেয়ে বেশি গ্যাস উৎপাদন করে। রান্না, গরম করা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত এই জ্বালানির চাহিদাও ক্রমেই বাড়ছে।

ইনাই এক বিবৃতিতে জানায়, ২০ এপ্রিল প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নতুন এই স্থানে আনুমানিক ১৪১ বিলিয়ন ঘনমিটার গ্যাস এবং প্রায় ৩০ কোটি ব্যারেল কনডেনসেট বা তরল হাইড্রোকার্বনের মজুত রয়েছে।

 কোম্পানিটি আরও জানায়, এই নতুন আবিষ্কার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বড় সুযোগ তৈরি করবে।

ইন্দোনেশিয়া সরকারের হিসাব অনুযায়ী, এই আবিষ্কারের ফলে ২০২৮ সালের মধ্যে ইনাই-এর দৈনিক সর্বোচ্চ উৎপাদন ৫৬ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া বলেন, 'এটি একটি বিশাল আবিষ্কার।' তিনি জানান, শুধু গ্যাস নয়, ২০২৮ সালের মধ্যে প্রায় ৯০ হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদন করা যাবে, যা ২০২৯ থেকে ২০৩০ সালের মধ্যে বেড়ে দেড় লাখ ব্যারেল পর্যন্ত পৌঁছাতে পারে।

—জা.অর্থনীতি/জেআরটি