লালমনিরহাট প্রতিনিধি: ভারতের বিধান সভার নির্বাচন ঘিরে টানা ৪ দিন বন্ধ থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্র লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে সোমবার (২০ এপ্রিল) একটি পত্র পাঠান।
এতে বলা হয়েছে, বিধান সভার নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে আদেশ প্রদান করেন, যার আদেশ নং ২১। এ কারণে এই ৪ দিন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিধান সভার নির্বাচনের ছুটির সাথে শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলে বুড়িমারী স্থলবন্দরে টানা ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের প্রেক্ষিতে ছুটি ঘোষণা করে বুড়িমারী স্থলবন্দর সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যবসায়ীদের চিঠি পাঠিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধান সভা নির্বাচন ঘিরে আজ থেকে টানা ৪ দিন বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। যার নোটিশ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন না। তবে চিকিৎসার জন্য ও ভুটান নেপালগামীরা এ ইমিগ্রশন হয়ে যাতায়ত করতে পারবেন।
—জা.অর্থনীতি/এনজে

