গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’র সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। ‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেটি আর সম্ভব হয়নি।
পরিচালক মেহেদী হাসানের এই সিনেমাটি শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ছিলো। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় এর মুক্তি পিছিয়ে যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। খুব শিগগির ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা দীঘি বলেন, ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজও এখনো শেষ হয়নি। খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পে ছবিটি তৈরি হচ্ছে—এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না।
ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে দীঘি বলেন, বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হলে থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে, এমনটাই বিশ্বাস করি। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।
জানা গেছে, ‘বিদায়’–এ প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।
এদিকে, ‘বিদায়’ –এর পাশাপাশি দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।
—জা. অর্থনীতি/এনএ


