যে কারণে কুমন্তব্যের শিকার হয়েছিলেন সোনালি

শোবিজ তারকাদের হরহামেশাই নানান রকম মন্তব্য শুনতে হয়। কাজ হোক কিংবা জীবনযাপন, কোনো কিছুই যেনো এড়ায় না সমালোচকদের নজর। এ চর্চা আজকে নতুন নয়। বহু আগে থেকেই চলছে...। এবার এমন এক অভিজ্ঞতার কথা জানালেন নব্বই দশকে বলিউডে বেশ সাড়া জাগানো অভিনেত্রী সোনালি বেন্দ্রে। তিনিও হয়েছেন কটাক্ষের শিকার। শুনতে হয়েছে কুমন্তব্য। 

যদিও সেই সময় থেকে আজও তার রূপের অনুরাগী অসংখ্য মানুষ। তবে, এক সময় তাকে চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিলো। চেহারার গড়নের জন্য নানা রকমের তির্যক মন্তব্য শুনেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনালি নিজেই বিষয়টি জানান। 

সোনালির শরীরের গড়ন বরাবরই ছিপছিপে এবং তিনি দীর্ঘাঙ্গী। পরবর্তীতে এর জন্য প্রশংসা পেলেও, স্কুলে এই একই কারণে কুমন্তব্য শুনতেন। কেউ ডাকতেন জিরাফ বলে, কেউ কেউ আবার তাকে ‘ল্যাম্পপোস্ট’-এর সঙ্গে তুলনা করতেন। 

সাক্ষাৎকারে সোনালিকে প্রশ্ন করা হয়- তিনি জীবনে কেমন প্রশংসা পেয়েছেন? উত্তরে সোনালি বলেন, প্রশংসা? খুব কমই পেয়েছি। এখন আমি বহু প্রশংসা পেয়ে থাকি। কিন্তু এক সময় বহু বাজে কথা শুনতাম। আমার পেছনেও লাগা হতো খুব। এখন সবাই আমার চেহারার গড়নের প্রশংসা করেন। কিন্তু আমি এক সময় খুব রোগা ছিলাম। তাই নানা কথা শুনতে হয়েছে। 

সোনালি আরও বলেন, আমাকে ল্যাম্পপোস্ট বলত অনেকে। কেউ কেউ জিরাফ বলে ডাকতো। কারণ, আমার গলা বেশ লম্বা ছিল। এখন আবার সবাই সেই লম্বা গলাই পছন্দ করে। কিন্তু স্কুল-কলেজে এই কারণেই আমাকে নিয়ে মশকরা করা হতো। তবে, আমার কিছু আসতো-যেতো না এর জন্য। আমিও মজা হিসেবেই নিতাম বিষয়টা। 

সোনালি জানান, স্কুলে ছেলেদের মধ্যে নয়, শিক্ষক-শিক্ষিকাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন সোনালি। এরপর কলেজে পড়ার পরে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। এরপর নাম লেখান অভিনয়ে। তার প্রথম সিনেমা ছিল গোবিন্দের বিপরীতে ‘আগ’। এরপর ‘দিলজলে’, ‘ডুপ্লিকেট’, ‘জখম’, ‘সরফরোশ’র মতো সিনেমায় অভিনয় করেন তিনি। এসব সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন দর্শকদের বিপুল ভালোবাসা। যে কারণে সে সময়ের কুমন্তব্যগুলো খুব একটা গায়ে মাখতেন না তিনি। 

—জা. অর্থনীতি/এনএ