পূর্ণিমাকে দেয়া চিঠিতে কী লিখেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান?

দেশের চলচ্চিত্র অঙ্গনের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন মিষ্টি চেহারার জনপ্রিয় এই অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা-সবই রয়েছে তার ঝুলিতে। তবে, এতো কিছুর মধ্যেও একটি বিশেষ স্মৃতি আজও নাড়া দেয় তাকে-একটি শুভেচ্ছাপত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এক সময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে তিনি এ তথ্য জানিয়েছেন। 

রুম্মান রশীদ খানেরর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানেই উঠে আসে ২০০৩ সালের একটি ঘটনা। তখন (২০০৩ সালে) ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছা স্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

স্মরণীয় সেই চিঠি নিয়ে পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। 

প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘এ রকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেনো আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি’, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিলো। 

পূর্ণিমা বলেন, তখন তো সামাজিকমাধ্যমের যুগ ছিলো না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন। 

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। 

একইসঙ্গে সাম্প্রতিক অনেক বিষয়েও কথা বলেছেন পূর্ণিমা। পডকাস্টে পূর্ণিমা অকপটে স্বীকার করেছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমায় সাইনও করেছিলেন তিনি। কেনো তিনি এই দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন পডকাস্টে। 

পূর্ণিমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এর নায়িকা হিসেবে পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিলেন না। কোনো জনপ্রিয় নায়িকার স্থলাভিষিক্ত হয়ে নায়িকা জীবন শুরু করেছেন পূর্ণিমা, সেই কথাও জানিয়েছেন তিনি। 

—জা. অর্থনীতি/এনএ