দুজনে এক বছর আগেও ছিলেন খেলার মাঠে একে অন্যের সতীর্থ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিএল) মেহেদী হাসান মিরাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন তামিম ইকবাল। দুজনে খেলেছেন মোহামেডানের জার্সি গায়ে জড়িয়ে। এখন দুজনের চলার পথ ভিন্ন। মিরাজ খেলে যাচ্ছেন এখনো। মিরাজ পেয়েছেন জাতীয় দলের ওয়ানডে দলের নেতৃত্ব। আর মাঠের ক্রিকেট ছেড়ে তামিম এখন ক্রিকেট প্রশাসক। গত ৭ এপ্রিল তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বনে গেছেন দেশের সাবেক তারকা ওপেনার তামিম।
২০২৩ সালে জাতীয় দলের নেতৃত্বের গুরুভার কাঁধে তুলে নিয়েছিলেন তামিমও। এ জন্যই বাড়তি একটা ভরসা পাচ্ছেন ওয়ানডে কাপ্তান মিরাজ। নিউজিল্যান্ড সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তামিমের বিসিবি সভাপতি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মিরাজ, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি তা জানেন। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েই ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন তামিম। বাড়িয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফিও। এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা সেরে নিয়েছেন তামিম। সেই বৈঠকে তামিমের সঙ্গে কী কথা হয়েছে খেলোয়াড়দের? এনিয়ে মিরাজ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দল ভালো করছে। আমাদের প্রেরণা দিয়েছেন। বলেছেন, আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে ঘটে গেছে অনেক ঘটনা। তবে এতসবের মাঝেও জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটিয়েছেন মাঠের প্রস্তুতিতে। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে কিউইদের বিপক্ষে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যও ক্রিকেটাররা অনুশীলন করেছেন আলাদাভাবে।
তবে মাঠের বাইরে কোনো বিষয় ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনটাই জানিয়েছেন মিরাজ, ‘খুবই ভালো অনুশীলন করেছি এবং পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরে কী হয়, এটা আমাদের ও রকম মাথায় প্রভাব ফেলে না। কারণ, আমাদের কাজ হলো পারফর্ম করা।’
কিউদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের প্রস্তুতি নিয়ে খুশি অধিনায়ক মিরাজ, ‘আমার কাছে মনে হয়, গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো। বাইরে কী হয়েছে, এটা আমরা কখনো চিন্তা করিনি।’

