ভৈরবে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৮) এবং চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৪০)।

আহত নিপু (৩৬) ভৈরবপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ জন মাছ ব্যবসায়ী একটি মোটরসাইকেলে করে ভৈরব থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। সেতুর মাঝামাঝি পৌঁছালে পেছন দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যার দিকে মোমেন ও আবদুল্লাহ মারা যান। অপরজন আহত নিপু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন জানান, আহত ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। বিশেষ করে মোমেন ও আবদুল্লাহর মাথায় গুরুতর আঘাত ছিল। নিপুর নাকেও গুরুতর চোট লেগেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পরপরই ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক পারভেজকে আটক করে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক পারভেজকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা.অর্থনীতি/এনজে