৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং বিচারব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ত্বরান্বিত করতে দেশের ৭টি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলাগুলো হলো– বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

এদিন সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে সড়কপথে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস গুলশানের বাসভবন ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সঙ্গে রয়েছেন। বগুড়ায় ডা. জোবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈতৃক বাড়িতেও। বিকেলে রয়েছে বিএনপি আয়োজিত জনসভা। এসব কর্মসূচি শেষ করে রাতে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

—জা.অর্থনীতি/এনজে