মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে অবৈধভাবে মজুদ করে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করার দায়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বাসভবনে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৮।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে- এমন খবরে র্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের সরদার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বাসভবনের নিচতলা থেকে ৩৭ হাজার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তাকে ৪০ হাজার টাকা করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
পরে আজকের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুছলেকা নেওয়া হয়। অভিযানে মাদারীপুর র্যাব-৮ এর সহকারী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) তারিখ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারি পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
—জা.অর্থনীতি/এনজে

