আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দের পরপরই বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেছে। আর এটি চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করে জব্দ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এশিয়ার বাজারে সোমবার (২০ এপ্রিল) সকালেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে।
এর আগে গত শনিবার ইরান ঘোষণা দেয়, তারা আবারও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং এই জলপথে এগোতে চেষ্টা করা যেকোনও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
আজ ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৬ ডলারে পৌঁছায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৮.৫৫ ডলারে।
এমএসটি মার্কুইয়ের বিশ্লেষক সল কেভনিক বিবিসিকে বলেন, ‘মাঠের বাস্তবতার চেয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সামাজিক মাধ্যমে দেওয়া বার্তার ওঠানামাতেই তেলের বাজার বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। দ্রুত স্বাভাবিক অবস্থায় তেল সরবরাহ ফেরানো এখনও কঠিন’।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে এই ঘটনাগুলো আসলে চলমান আলোচনারই অংশ, যা বাস্তব সময়েই ঘটছে।’
এদিকে রোববারও হরমুজ প্রণালি বন্ধ ছিল। ট্রাম্প গত শুক্রবার বলেন, দুই দেশের মধ্যে চুক্তি না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ বহাল থাকবে। এই প্রণালি দিয়ে বিশ্বে ব্যবহৃত প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়।
—জা.অর্থনীতি/এনজে

