বরিশালে নিরাপদ মহাসড়কের দাবিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি: মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাঁপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পিড ব্রেকার নির্মাণের দাবি করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

—জা.অর্থনীতি/এনজে