আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ জব্দের পর মার্কিন সামরিক জাহাজে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে তেহরান।
সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ জব্দ করার পর মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে জাহাজ জব্দের ঘটনাকে জলদস্যুতা উল্লেখ করে শিগগিরই পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। ইরানের ‘হজরত খাতাম আল–আম্বিয়া’ সামরিক সদর দফতরের এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন ও সমুদ্র জলদস্যুতার মাধ্যমে আগ্রাসী আমেরিকা ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার প্রতিশোধ নেবে তেহরান।
এদিকে ইরানের পতাকাবাহী জাহাজ ‘তুসকা’-তে মেরিন সেনাদের আরোহণের একটি ভিডিও প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে দেখা যায়, মেরিন সেনারা ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী জাহাজ থেকে হেলিকপ্টারে করে অবতরণ করছেন এবং এরপর দড়ি বেয়ে ইরানি কন্টেইনার জাহাজটিতে নামছেন।
পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন-তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এরমধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরষ্পরবিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
—জা.অর্থনীতি/জেআরটি

