মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দূর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার সময় কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। তার বুকে ও পিঠে ৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

আহত মুকুল হোসেন উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে ও গ্রাম বিএনপির সহ-সভাপতি। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয়রা জানান, মুকুল হোসেন গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাটতে বের হন। কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করে পালিয়ে যায়। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

তারা আরও জানান, মুকুল হোসেনকে লক্ষ্য করে এর আগেও ২ দফায় বোমা হামলা চালিয়েছিল দূর্বৃত্তরা। 

খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ৪টি খোসা উদ্ধার করেছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

—জা.অর্থনীতি/এনজে