বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই টালমাটাল দেশের ক্রিকেট বোর্ড। এক যুগের বেশি সময় ধরে বিসিবি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে চেয়ার বদল হয়েছে তিনবার। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ।
এরপর ২০২৫ সালে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। শেষ পর্যন্ত নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ার কথা জানিয়ে বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে দায়িত্ব নিয়েছে।
বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি দুই হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

