রেমিট্যান্স ঊর্ধ্বগতিতে বাড়ছে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছরের ১ থেকে ১৫ এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৪৭২ বিলিয়ন ডলার। এই রেমিট্যান্সের ওপর ভর করে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। একই সময়ে দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.০৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১৫ এপ্রিল একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৯৬ বিলিয়ন মার্কিন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৩ দশমিক ২৫৭ বিলিয়ন ডলার। অর্থাৎ অর্থবছর হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ শতাংশে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান এই ইতিবাচক ধারার পেছনে মূল ভূমিকা রাখছে। রমজান ও ঈদ-পরবর্তী সময়েও রেমিট্যান্স প্রবাহের এই গতি অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।