চ্যাম্পিয়ন দল গড়ার পথে রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার লিগকে (বিসিবি) সামনে রেখে নতুন করে দল গোছানোর উদ্যোগ নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উপস্থিত হয়ে বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পরই তার আগের অবস্থানে পরিবর্তন এসেছে এবং দল গঠনে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর আগে ক্লাবের সব ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাদল। এমনকি দল না খেলার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে বিসিবিতে তামিম ইকবালের আমন্ত্রণে হওয়া বৈঠকের পর পরিস্থিতি বদলে যায়। এখন নতুন করে শক্তিশালী দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি।

লুৎফর রহমান বাদল বৃহস্পতিবার গণমাধ্যমে জানিয়েছেন, ‘আমরা লিজেন্ডস অব রূপগঞ্জের সব খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা খেলব না। সেই সূত্র ধরেই তামিম আমাকে ফোন করেছিল, ডেকেছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া মন্ত্রীও আমাকে ডেকেছিল। দুজনের সাথেই খুব ভালো কথা হয়েছে এবং তারা অনুরোধ করেছে যাতে আমরা ক্রিকেটের দল-বদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি। আমরা ওই অনুরোধটা রাখব, ইনশাআল্লাহ।’

তবে দল পুনর্গঠনের পথে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রূপগঞ্জকে। আগের মৌসুমে দলের গুরুত্বপূর্ণ সদস্য নাঈম শেখ, শামীম হোসেন ও আফিফ হোসেন ইতোমধ্যে অন্য ক্লাবে যোগ দিয়েছেন। এরপরও তাদের দলে ফেরানোর চেষ্টা চালানোর কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

দলকে শক্তিশালী করতে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে। তার অন্তর্ভুক্তি দলটির নেতৃত্ব ও পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাদল।

সব খেলোয়াড় ছেড়ে দেওয়া হলেও এখনো তিনজন ক্রিকেটার রূপগঞ্জে রয়ে গেছেন। এ প্রসঙ্গে বাদল বলেন, ‘শরিফুল ইসলাম, সাইফ হাসান ও নাসুম আহমেদ আছেন এখনও। মিরাজ যোগ দিলে দলের শক্তি আরও বাড়বে।’