বরিশাল প্রতিনিধি: অবৈধভাবে মজুদের জন্য নেওয়ার সময় পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন বরিশাল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউন থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ২৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন ও ২০০ লিটার পেট্রোল।
একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই সদস্যরা।
আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
—জা.অর্থনীতি/এনজে


