সিলেটে একসঙ্গে ৬৩ এতিমের যৌতুকবিহীন বিয়ে

সিলেট প্রতিনিধি: সিলেটে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে একসাথে ১২৬ জোড়া হাত এক হলো। এর মধ্যে রংপুর ও সিলেট অঞ্চলের ৬৩ জন এতিম মেয়ের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

যৌতুকবিহীন ও বিনা খরচে আয়োজিত এই বিয়ে অনুষ্ঠান আয়োজন করে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন সিডস অব সাদাকাহ।

গত বৃহস্পতিবার নগরীর বালুচরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ বিয়ে উৎসবকে ঘিরে ছিল বিরাট আয়োজন। দেশ-বিদেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমী।

বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের এমপি হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। সিডস অব সাদাকাহ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল খায়ের ও জয়নুল আবেদীন রুহেল।

বক্তারা বলেন, যৌতুকবিহীন বিয়ে যে সম্ভব, এই আয়োজন তার বাস্তব প্রমাণ। নবী করীম (সা.) বিয়ে সহজ করার কথা বলেছেন, আর এ আয়োজন সেই নির্দেশনার বাস্তব প্রয়াস। তারা আশা প্রকাশ করেন, নবদম্পতিরা আদর্শ পরিবার গড়ে তুলবেন।

দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালীউল্লাহ বিয়ের খুতবা পড়ান এবং একে একে ৬৩টি বিয়ে সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের সুখ-শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন ছিল।

বর-কনেদের জন্য উপহার হিসেবে পোশাক ছাড়াও খাট, বালিশ, তোশক, তৈজসপত্রসহ প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী প্রদান করা হয়।

—জা.অর্থনীতি/এনজে