মঞ্চে আসছে ‘অজ্ঞাতনামা’, নতুন চলচ্চিত্র নির্মাণে তৌকীর

বিনোদন প্রতিবেদক: উৎসবের মধ্য দিয়ে দেশের খ্যাতিমান অভিনেতা, নাট্যনির্দেশক, লেখক ও পরিচালক তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উদযাপন হলো। এ উপলক্ষে গতকাল রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ ছিলো উৎসবের রঙে রাঙানো। এদিন জাতীয় নাট্যশালার সামনে জমেছিলো শিল্পী, সংস্কৃতিকর্মী, নাট্যজন ও দর্শকদের প্রাণবন্ত মিলনমেলা। এদিন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তৌকীর আহমেদ। একইসঙ্গে জানানো হয়, তার পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ এবার আসছে মঞ্চে। 

মধ্যপ্রাচ্যে নিহত এক বাঙালির লাশ দেশে আনা নিয়ে সৃষ্ট জটিলতা, সেই ছোট জটিলতার বিশাল রূপ ধারণ, ভুক্তভোগী পরিবারের দুর্দশা, অপরিমেয় আক্ষেপের এক সহজ-সরল চিত্রায়ণ ‘অজ্ঞাতনামা’। 

শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন তৌকীর। শুধু তাই নয়, ফের চলচ্চিত্র নির্মাণেও হাত দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘অজ্ঞাতনামা এ বছরই নাট্যকেন্দ্র থেকে মঞ্চে আসছে। এ বছরের শেষে আবার একটি সিনেমা বানাবো।’ 

জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতকে নিয়েও একটি চলচ্চিত্র নির্মাণের কাজ করার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান তৌকীর। ব্যক্তিজীবনে আবুল হায়াত তৌকীরের শশুর। তার কথা উল্লেখ করে তৌকীর বলেন, ‘বাবাকে নিয়ে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো কাজ করা হয়নি। তাকে ছোট ছোট চরিত্র দিয়েছি আমরা। তাকে ঘিরে একটা পূর্ণাঙ্গ কাজ করতে চাই।’ 

আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন মামুনুর রশিদ, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, দীপা খন্দকার, মীর সাব্বির প্রমুখ। এদিন বিকেলে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি শিল্পকলা একাডেমির মূল হলে প্রদর্শিত হয়। একইদিন সন্ধ্যায় নাট্যকেন্দ্র মঞ্চায়ন করে তৌকীর আহমেদ নির্দেশিত নাটক ‘তীর্থযাত্রা’। 

—জা. অর্থনীতি/এনএ