সৌরভ গাঙ্গুলির তীব্র সমালোচনায় স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এখনো শোকাহত টালিউড পাড়া। এই শোকের আবহেই এবার সৌরভ গাঙ্গুলিকে কড়া ভাষায় কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। রাহুলের মৃত্যু নিয়ে সৌরভের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরেই চটেছেন এই অভিনেত্রী। সৌরভ গাঙ্গুলির সেই মন্তব্য ঘিরে শোবিজ অঙ্গনের ভেতরেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে স্বস্তিকা মুখার্জির খোলামেলা সমালোচনায় আলোচনাটি এখন আরও জোরালো হয়ে উঠেছে। 

শুধু তাই নয়, শোবিজেরই অনেক পরিচিত মুখ সৌরভের সেই মন্তব্যের সমালোচনা করেছেন। সেই তালিকায় রয়েছেন পাওলি দাম, মৈত্রেয়ী মিত্রের মতো অভিনেত্রীরা। 

রাহুলের মৃত্যুর খবরের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ গাঙ্গুলি গণমাধ্যমকে বলেছিলেন, কেন যে এরা জলে ফলে নামে, আমি বুঝি না। যতোই শুটিং হোক না কেন! এটা বিপজ্জনক। জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না। 

সৌরভের সেই ভিডিও ক্লিপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রাহুল ভক্তরা তো বটেই, কলকাতা শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই ভীষণ নাখোশ হন এমন মন্তব্যে। এবার এ নিয়ে মুখ খুললেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। 

একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা ক্ষোভ উগড়ে দিয়েছেন সৌরভের বিরুদ্ধে। জনপ্রিয় এই নায়িকা বলেন, আমি তো সৌরভ গাঙ্গুলির মতো বিজ্ঞ নই যে সব বিষয়ে মন্তব্য করবো। 

স্বস্তিকা আরও বলেন, একজন পাবলিক ফিগার হিসেবে কী বলছেন সেই বিষয়ে সচেতন থাকা উচিত। স্বস্তিকা জানান, প্রত্যেকেই নিজের কাজ করছেন এবং সেটাই তাদের জীবিকা। কারও কাজ ছোট বা তুচ্ছ করে দেখানো উচিত নয়। এমন মন্তব্য করলে অন্যের কাজের মূল্য কমিয়ে দেওয়া হয়, যা ঠিক নয়। 

স্বস্তিকা মুখার্জি ব্যাখ্যা করেন, কেন এই ধরনের মন্তব্য পেশাদার মানুষের কাছে অবজ্ঞাসূচক মনে হতে পারে। স্বস্তিকা আরও বলেন, উনি এসি রুমে আরামদায়ক পরিবেশে নন-ফিকশন শো করেন, যেখানে সব সুবিধা দেয়া হয়। কিন্তু অন্য একজন শিল্পী একই রকম সুযোগ-সুবিধা পান না। 

—জা. অর্থনীতি/এনএ