দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত, জানালেন প্রতিমন্ত্রী

অর্থনীতি ডেস্ক: এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ জ্বালানি মজুত রয়েছে এবং জুন মাসের চাহিদা মাথায় রেখে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা করা হচ্ছে, যাতে সরবরাহ স্থিতিশীল রাখা যায়।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে, যা অন্তত দুই মাসের চাহিদা মেটাতে সক্ষম।

তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে দেশে জ্বালানির চাহিদা বেড়ে গেছে। এতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে, বিশেষ করে অকটেন ও পেট্রলের জন্য। মার্চ মাসের শুরুতে এই দুই জ্বালানির বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়, ফলে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থাও চালু করতে হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সরকার বিকল্প উৎস থেকে আমদানি বাড়াতে পারলে এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পারলে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।

—জা.অর্থনীতি/এএইচএ