টাইমসের প্রভাবশালীর তালিকায় রণবীর ও আলিয়ার বিশেষ আবদার

বিনোদন ডেস্ক: চলতি বছর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ‘টাইম’ ম্যাগাজিন। এতে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এ তালিকায় ‘আর্টিস্ট’ ক্যাটাগরিতে রণবীর কাপুরের নাম অন্তর্ভুক্ত রয়েছে। রণবীর কাপুরের এই সাফল্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট। একইসঙ্গে স্বামীর কাছে একটি আবদারও করেছেন তিনি। 

মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর ২০২৬ সালের এই তালিকায় গুগল সিইও সুন্দর পিচাই-এর পাশাপাশি নাম রয়েছে সেলিব্রিটি শেফ বিকাশ খান্নারও। তিনি রন্ধনশিল্পের দূরদর্শী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার টাইমসের তালিকাটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন রণবীর। 

এদিকে, স্বামীর এই প্রাপ্তিতে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে রণবীরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মজার ছলে আইসক্রিম খাওয়ার বিশেষ আবদারও করেন এই অভিনেত্রী। 

রণবীর কাপুর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার ‘রাম’ অবতার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

এর আগে, ২০২৪ সালে আলিয়া ভাটও টাইমেসের প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে কাপুর পরিবারে অন্য মাত্রা যোগ হলো। 

এ ছাড়া, টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালীর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, পোপ লিও চতুর্দশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ২০২৬ সালের আর্টেমিস টু-এর কমান্ডার রিড ওয়াইজম্যানের মতো বিশ্বনেতাদের নাম রয়েছে। 

টাইম জানিয়েছে, চলতি বছর তালিকায় থাকা সম্মানিত ব্যক্তিরা অভূতপূর্ব উপায়ে সংস্কৃতি পরিবর্তনে ভূমিকা রাখছেন। 

—জা. অর্থনীতি/এনএ