দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের একটি বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দম্পতির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের পরে ঘরের ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
—জা.অর্থনীতি/এনজে

