বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন তিনি। ম্যাচের আগে লিটনকে বিশেষ ক্যাপ পরিয়ে দেওয়া হয়।
পাশাপাশি সতীর্থরা তাকে শুভকামনা জানিয়েছেন। ওয়ার্মআপের সময় লিটনের সঙ্গে সতীর্থরা খুনসুটিতেও মেতেছেন। ২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লিটনের। ১১ বছরে এসে নিজের শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি।
বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে পাঁচ সেঞ্চুরি ও ১২ হাফ-সেঞ্চুরিতে লিটনের রান ২ হাজার ৭০০। তার ব্যাটিং গড় ৩০ দশমিক ৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫ দশমিক ৭৬। উইকেটের পেছনেও রেখেছেন অবদান। ৬৮টি ক্যাচ ছাড়াও করেছেন পাঁটি স্টাম্পিং।
লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। তার ম্যাচসংখ্যা ২৭৪টি। পরের অবস্থানটিতে সাকিব আল হাসান। তার ম্যাচসংখ্যা ২৪৭টি। তৃতীয় অবস্থান বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি ২৪৩ ম্যাচ খেলে অবসরে গেছেন।

