যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর একটি পোশাক কারখানায় কাজ করত বলে জানিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহ আলমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামে। বর্তমানে সে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা স্কুল গলি এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত। তার বাবার নাম সাইদুল ইসলাম।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শুভ ও কামরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে শাহ আলম ছাদে ঘুরতে যায়। এ সময় তারা ভবনের সামনে বসে ছিলেন। হঠাৎ ওপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখেন, আলম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে পরিবারের সদস্যদের খবর দিয়ে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, ভবনের ছাদে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।