টেলিকম সেবা সচল রাখতে বিটিআরসির বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান জ্বালানি জটিলতার মধ্যেও টেলিযোগাযোগ সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। 

এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি অংশীজনদের নিয়ে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দুটি বিশেষ সভা আহ্বান করেছে সংস্থাটি। মূলত টেলিকম অবকাঠামোতে জ্বালানি তেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই জরুরি সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংশ্লিষ্ট সকল পক্ষকে বিটিআরসির পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের অভাব এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ও সার্ভারগুলো প্রায়ই অকার্যকর বা ‘ডাউন’ হয়ে পড়ছে। এতে গ্রাহক পর্যায়ে টেলিযোগাযোগ সেবায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং নেটওয়ার্ক টাওয়ার কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিল। এমন জরুরি প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে টেলিকম অবকাঠামোগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের পথ খুঁজতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই সভার উদ্যোগ নিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে প্রথম সভাটি অনুষ্ঠিত হবে। এই সভার মূল আলোচ্য বিষয় টেলিকম টাওয়ার ও অন্যান্য অবকাঠামোতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা। 

সভায় উপস্থিত থাকার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান, দেশের সকল মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের (চেয়ারম্যান/এমডি/সিইও) চিঠি দেওয়া হয়েছে। এছাড়া টেলিকম প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যামটব-এর মহাসচিবকেও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একই সময়ে বিটিআরসি কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হবে। টেলিকম নেটওয়ার্ক সচল রাখতে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সকল শীর্ষ সংস্থাকে এই সভায় তলব করা হয়েছে।

এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ ডিপিডিসি, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং সকল মোবাইল ও টাওয়ার অপারেটরের প্রতিনিধিরাও এই সভায় অংশ নেবেন।

 —জা.অর্থনীতি/এনজে