নরসিংদী প্রতিনিধি: স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি আমার শ্রম দিয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে শতভাগ পরিপূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কবিতার ভাষায় মন্ত্রী বলেন, আমি সেদিন হব শান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগীরা হবে শারীরিকভাবে শান্ত।
রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুরে শিবপুরবাসীর পক্ষ থেকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে। বিগত সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট করেছে। আমরা কোনরকম বিদ্যুৎকে ঠিক রাখতেছি।
তিনি বলেন, বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের রোগীদের ভোগান্তি পোহাতে হয়, অপারেশন থিয়েটারে সমস্যা হয়, লেবাররুমে প্রসূতি মায়েদের কষ্ট হয়। মেডিকেল কলেজ করতে হলে একটি হাসপাতাল করতে হয়, না হলে ছাত্ররা লেখাপড়া করবে কীভাবে।
এ সময় তিনি ঘোষণা দেন, নরসিংদীর ১০০ শয্যা সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসাসিয়েশনের মুখপাত্র আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
—জা.অর্থনীতি/এনজে


