স্বাস্থ্য ডেস্ক: সারাদেশে অন্তত ১০টি জেলায় হাম রোগ উদ্বেগজনকভাবে বেড়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে ৫ শিশু এবং একটি বেসরকারি হাসপাতালে এক শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে ১৫ দিনে মোট ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহে হামে আক্রান্ত ৩ শিশু মারা গেছে। পাবনায় ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আরও কেউ কেউ হামে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসে হামে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণ এখন নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নয়, প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ছে। সাধারণত বসন্তকালে শুরু হওয়া এ ধরনের প্রকোপ প্রায় ২ মাস স্থায়ী হতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচি ঠিকভাবে পরিচালিত না হওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো- টিকার সংকট দূর না করা এবং বিভিন্ন দাবিতে মাঠ পর্যায়ের কর্মীদের আন্দোলন।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে এবং ভাইরাসজনিত উচ্চ সংক্রামক রোগ হওয়ায় হাঁচ-কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। হামের জটিলতা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, চোখ-মাথায় প্রদাহে আক্রান্ত হয় শিশু। এসব শিশুকে হাসপাতালে আলাদা ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দিতে হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ভোলায় সংক্রমণ বেশি। আরও কয়েকটি জেলায়ও শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৮ মার্চ একটি এবং ২৬ মার্চ দুইটি শিশু মারা গেছে। চলতি মাসের ২৮ দিনে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে দেড় হাজার ছাড়িয়েছে।
জানা গেছে, গত ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশু আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে মারা গেছে। হাসপাতাল সূত্র জানায়, এরা হামসহ অনান্য রোগে আক্রান্ত ছিল।
বিশেষজ্ঞদের মতে, হাম সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকা নিশ্চিত করা। তারা অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন, শিশুকে নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র হাসপাতাল প্রস্তুত, আইসিইউ ও ভেন্টিলেটর বাড়ানো এবং বিশেষ টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামে আক্রান্ত ব্যক্তি ১৩ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে।
এছাড়া ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যেও এ রোগের সংক্রমণ বাড়ছে, যাদের এখনও টিকা নেওয়ার কথা নয়। অর্থাৎ টিকা পাওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত এলাকায় ব্যাপক পুনঃটিকাদান কার্যক্রম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে


