নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া হারে ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করায় বাস ভাড়া কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ ও লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়।
সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কয়েক দফায় কমতে কমতে ১০০ টাকা আসলে সরকার ৩ দফায় ৮ পয়সা বাস ভাড়া কমায়, লঞ্চেও ভাড়া কেবল কাগজেপত্রে কমানো হয়। কোন বাসে ও লঞ্চে কমানো ভাড়ার সুবিধা পায়নি দেশের সাধারণ যাত্রী। এই কমানো ভাড়ার সুফল যাত্রীরা পাচ্ছে কিনা, তা নিয়ে কোন প্রকার তদারক করেনি সরকার।
এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয় অর্থাৎ ১ টাকা বাড়ানোর কারণে বাস মালিকেরা ৬৪ শতাংশ ও লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে স্ব-স্ব মালিক সমিতি। এসব যৌক্তিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খান তথ্য তুলে ধরার কারণে বারবার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে বাস ও লঞ্চের মালিক সমিতি স্বৈরাচার সরকারের ন্যায় একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে।
সরকারের কিছু আমলারা সাময়িক লাভবান হয়ে যাত্রীপ্রতিনিধি বাদ রেখে বাস ও লঞ্চ মালিকদের এমন অযৌক্তিক ভাড়া সমন্বয়ের নামে ভাড়া বাড়িয়ে দিতে মরিয়া উঠেছে বলে অভিযোগ করেন তিনি।

