হজে যাচ্ছেন চিত্রনায়িকা চম্পা

বিনোদন প্রতিবেদক: পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। এ বছরই তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন বলে জানা গেছে। জীবনে আধ্যাত্মিকতার নতুন এ অধ্যায়ে পরিবারের সদস্যরা তার সঙ্গী হবেন। গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন চম্পা নিজেই। 

হজে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচন্দা (নায়িকা ববিতা ও সুচন্দা) আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে।

আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাবো।’ 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন চম্পা। ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও চলচ্চিত্রাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন। 

এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন চম্পা। একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন গুণী এই অভিনেত্রী। 

চম্পার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে। 

দীর্ঘ অভিনয় জীবনে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চম্পা। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি। 

—জা. অর্থনীতি/এনএ