সাফজয়ী ফুটবল দলকে সংবর্ধনা ডিএনসিসির

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের স্মারক উপহারসহ দলের কোচিং স্টাফদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বাংলাদেশ যতবার জয়লাভ করে এবং আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে, ততবারই আমার শরীর শিহরিত হয়ে ওঠে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের ফুটবলের যাত্রা নতুন করে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের খালি জায়গা অবৈধ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করে উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্য করে প্রশাসক বলেন, ‘আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় দলের ফুটবলার তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ্য হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়া।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ডিএনসিসি প্রশাসককে স্পোর্টস প্যাট্রন হিসেবে ধন্যবাদ জানাই। দেশের ক্রীড়া উন্নয়নে সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্পোর্টস আমাদের সমাজে ঐক্য বজায় রাখতে শেখায় এবং সমাজকে ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রাসহ ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ বাফুফে ও ডিএনসিসির কর্মকর্তারা।

—জা.অর্থনীতি/এনজে