সারাদেশে সারের নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের বাদ দিয়ে সারাদেশে নতুন ডিলার নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) সংসদে দাঁড়িয়ে তিনি এই আশ্বাস দেন।

এদিন সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা এখনও নিজ নিজ পদে বহাল তবিয়াতে রয়েছেন। তার দাবি অনুযায়ী, ডিলাররা ইচ্ছাকৃতভাবে সার উত্তোলন করছেন না এবং বাজারে সারের একটি কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত অবসানে তিনি পুরনো ডিলারশিপ বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য সংসদ নেতার প্রতি অনুরোধ জানান।

চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত প্রায় সকল সংসদ সদস্য একযোগে টেবিল চাপড়িয়ে সমর্থন ব্যক্ত করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেহেতু পুরো সংসদ এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে এবং বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত, তাই সরকার শিগগিরই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

—জা.অর্থনীতি/জেআরটি